১৯ মে ২০১৩ - ০৪:৪০
রোহিঙ্গা-বিরোধী সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নিন: ইরান

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান বিরোধী সহিংসতা এবং তাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী দ্রুত বন্ধের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ইরান।

বার্তা সংস্থা আবনা : মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান বিরোধী সহিংসতা এবং তাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী দ্রুত বন্ধের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ইরান। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)'র সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ খাজায়ি।

তিনি বলেছেন, মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া গ্রহণ এবং সংস্কারের দাবি করা সত্ত্বেও রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে দমন ও সহিংসতা চলছে। মিয়ানমারের মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধে জাতিসংঘে প্রস্তাব গ্রহণের বিষয়ে বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বয় ও সচেতনতার অভাবের তীব্র সমালোচনা করেন মোহাম্মদ খাজায়ি।

তিনি বলেন, মিয়ানমারের মুসলমান বিরোধী চলমান সহিংসতা বন্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না মুসলিম দেশগুলো। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের অপারগতা মিয়ানমারে মুসলমানদের চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে।

ইরানের এ শীর্ষস্থানীয় কূটনীতিক মিয়ানমারের বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়ে বলেন, দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে যে বর্বরতা চলছে তা বন্ধে সাধারণ পরিষদকে প্রস্তাব গ্রহণ করতে হবে।

মিয়ানমারে একটি তদন্ত দল পাঠানোর জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মাদ খাজায়ি বলেন, দেশটিতে মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনুসন্ধান এবং মুসলিম বিরোধী সহিংসতার হোতাদের চিহ্নিত করার জন্য এ তদন্ত দল গঠন জরুরি।

তিনি একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন ও মুসলমান বিরোধী সহিংসতা উস্কে দেয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাতে ওআইসিকে অনুরোধ করেন।